স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টায় মামলা, শিক্ষক গ্রেপ্তার

ফাইল ছবি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত আব্দুল মোতালেব ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
গতকাল সোমবার মধ্যরাতে তাকে আটক করে পুলিশ। আজ মামলা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয় বলে জানালেন নাগেশ্বরী থানার ওসি এনামূল হক প্রধান।
পঞ্চম শ্রেণির ওই ছাত্রীর পরিবার জানায়, গতকাল সোমবার স্কুলের টিফিনের সময় মেয়েটি টয়লেটে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করেন আব্দুল মোতালেব। তাদের মধ্যে ধস্তাধস্তিও হয়। এক পর্যায়ে মেয়েটি দৌড়ে বের হয়ে এক শিক্ষিকাকে বিষয়টি জানায়।
এই খবর স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। স্কুলছাত্রীর পরিবারের অভিযোগ, বিষয়টি মিটমাট করতে প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়া ও স্থানীয় প্রভাবশালী কাজী মোশারফ হোসেন মধ্যরাত পর্যন্ত তাদের সঙ্গে আলোচনা করেন।
পরে পুলিশ খবর পেয়ে মধ্যরাতে অভিযুক্ত শিক্ষককে আটক ও মেয়েটিকে উদ্ধার করে থানায় আনে। আজ দুপুরে ওই ছাত্রীর বাবা থানায় মামলা করেন বলে জানালেন ওসি এনামূল হক।







