সিডরের ১৯ বছর, ক্ষত এখনো বরগুনাজুড়ে
- বরগুনায় প্রাণহানি ১ হাজার ৩৪৫ জনের
- নিখোঁজ রয়েছেন ১৫৬ জন
- এখনো ৭২ দশমিক ৫০৩ কিলোমিটার বাঁধ অরক্ষিত
- বেশি ঝুঁকিতে বরগুনা সদর ও পাথরঘাটা

স্বজনের খোঁজে এক বাড়ি থেকে আরেক বাড়িতে ছুটছিলেন কেউ। খুঁজছিলেন ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়া স্বজনের মরদেহ। চারদিকে ভাঙা ঘরবাড়ি, উপড়ে পড়া গাছ আর পানিতে ভাসছিল নিথর দেহ। ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের আঘাতের পর বরগুনার উপকূল জুড়ে ছিল এমনই ভয়াবহ দৃশ্য। সেই দুর্যোগে সরকারি হিসাবে জেলায় প্রাণ হারান ১ হাজার ৩৪৫ জন। আর নিখোঁজ হন ১৫৬ জন। তবে ১৯ বছর পেরিয়ে গেলেও স্বজন হারানোর শোক ভুলতে পারেননি উপকূলের মানুষ। তাদের সেই আতঙ্কের সঙ্গে এখন যুক্ত হয়েছে অরক্ষিত বাঁধ।
২০০৭ সালের ১৫ নভেম্বর সন্ধ্যায় উপকূলে আঘাত হানে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর। ঘণ্টায় প্রায় ২৬০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ের সঙ্গে ১০-১২ ফুট উঁচু জলোচ্ছ্বাস আছড়ে পড়ে উপকূলে। পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর পানি বেড়িবাঁধ উপচে ও ভেঙে লোকালয়ে ঢুকে পড়ে। মুহূর্তে তলিয়ে যায় বসতবাড়ি, ফসলের মাঠ। দুর্যোগে জেলার ১ লাখ ৮৯ হাজার ৭৮৫টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্ত হয় ২ লাখ ১৩ হাজার ৪৬১ পরিবার। নষ্ট হয় ৩৭ হাজার ৬৪ একর ফসলি জমি। মারা যায় ৩০ হাজার ৪৯৯টি গবাদি পশু এবং ৬ লাখ ৫৮ হাজার ২৫৯টি হাঁস-মুরগি। প্রায় ৯০০ কিলোমিটার বাঁধের মধ্যে ১৫০ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভেঙে পড়েছিল সড়ক, নৌ, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা।
সেই রাতের স্মৃতি এখনো তাড়া করে পাথরঘাটার বলেশ্বর নদী-তীরবর্তী এলাকার বাসিন্দা শাহ জালালকে। তার ভাষায়, সেদিনের কথা মনে হলে এখনো আঁতকে উঠি। চারদিকে শুধু পানি, ঘরবাড়ি ভেঙে যাচ্ছিল, গাছপালা উপড়ে পড়ছিল। সকালে বের হয়ে দেখি, অনেক পরিচিত মানুষ মারা গেছেন। সেই দৃশ্য আজও ভুলতে পারিনি। এখনো অনেক জায়গায় বাঁধ ঝুঁকিপূর্ণ। আবার এমন দুর্যোগ হলে কীভাবে বাঁচব, সেই আতঙ্কে থাকতে হয়।
সিডরের সময় বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন বহু জেলে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর দাবি, সাগরে মাছ ধরতে যাওয়া প্রায় ৬০টি ট্রলার নিখোঁজ হয়। জেলের অনেকে আর স্বজনদের কাছে ফিরে আসেননি।
সিডরের পর বিভিন্ন সময়ে বেড়িবাঁধ মেরামত ও পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু এলাকায় কাজ হলেও সব ঝুঁকিপূর্ণ বাঁধের স্থায়ী সমাধান হয়নি। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, বরগুনার ছয়টি উপজেলায় এখনো ৭২ দশমিক ৫০৩ কিলোমিটার বেড়িবাঁধ অরক্ষিত। সবচেয়ে বেশি অরক্ষিত বাঁধ রয়েছে বরগুনা সদর ও পাথরঘাটা উপজেলায়। এসব বাঁধের বড় অংশ বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীর তীরবর্তী এলাকায়।
বেসরকারি উন্নয়ন সংস্থা সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক মির্জা শহীদুল ইসলাম খালেদের মতে, উপকূলের মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের বিকল্প নেই। ষাটের দশকে নির্মিত বাঁধের দুর্বল অংশের কিছু মেরামত করা হলেও জেলার অনেক বাঁধ এখনো ঝুঁকিপূর্ণ। প্রতি বছর ঘূর্ণিঝড়ের আশঙ্কায় উপকূলের মানুষকে আতঙ্কে থাকতে হয়। তাদের নিরাপত্তায় স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণ জরুরি।
একই দাবি বেতাগীর বিষখালী নদীর তীরবর্তী এলাকার অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক সেকান্দার আলীর। তিনি বলেছেন, ‘প্রতিবার দুর্যোগের পর ত্রাণ দেওয়ার চেয়ে আগে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা জরুরি। আমরা ত্রাণ চাই না, এমন বাঁধ চাই, যা আমাদের ঘরবাড়ি ও জীবিকা রক্ষা করবে। বারবার সব হারিয়ে নতুন করে বাঁচার সংগ্রাম করতে চাই না।’
অবশ্য পাউবোর নথি অনুযায়ী, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার ও নদীতীর রক্ষায় বর্তমানে দুটি প্রকল্পের কাজ চলছে। এসব প্রকল্পের আওতায় ১২ দশমিক ৮৮৫ কিলোমিটার এলাকায় কাজ হচ্ছে। এর মধ্যে বরগুনা সদরে ৩ দশমিক ৫১৫ কিলোমিটার, বেতাগী পৌর এলাকায় ৪ দশমিক ৩৭০ কিলোমিটার এবং আমতলীতে ৫ কিলোমিটার নদীতীর রক্ষার কাজ রয়েছে। প্রকল্প দুটির ব্যয় ১ হাজার ৫৩৮ কোটি ৭৪ লাখ টাকার বেশি। এ ছাড়া আরও ৩৯ দশমিক ৫১৮ কিলোমিটার বেড়িবাঁধ সংস্কার ও পুনর্নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব করা হয়েছে।



