টেকনাফ
মদ নিয়ে আটক ১২ রোহিঙ্গার ১৫ দিনের কারাদণ্ড

ছবি: আগামীর সময়
কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অস্থায়ী চেকপোস্টে তল্লাশির সময় দেশীয় মদসহ ১২ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত টেকনাফ-কক্সবাজার মহাসড়কের হোয়াইক্যং পুলিশ ফাঁড়িসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) জানিয়েছে, হোয়াইক্যং আর্মি ক্যাম্পের সেনাবাহিনী ও উনচিপ্রাং এপিবিএনের সমন্বয়ে যৌথ বাহিনী অস্থায়ী চেকপোস্ট বসে ছিল। এ সময় একটি কালো রঙের হাইয়েস গাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচটি ২০০ মিলিলিটারের বোতলে মোট এক লিটার দেশীয় মদ পাওয়া যায়। এ ঘটনায় গাড়িতে থাকা ১২ রোহিঙ্গাকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের সদস্যরা টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অনীক চৌধুরী ভ্রাম্যমাণ আদালতে তাদের এই সাজা দেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, মোহাম্মদ আনাচ (২৬), কামাল সাদেক (২২), নুর হোসেন (২০), মানুর রশিদ (২৫), মোহাম্মদ রফিক (২৬), মো. জোবায়ের (২৭), মফিজুর রহমান (২৫), ইয়াসের (১৮), আমান উল্লাহ (৪০), সাদেক (১৮), সৈয়দ করিম (৩২) ও মোহাম্মদ ইসহাক (২৬)। তাঁদের সবার বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা শিবিরে।



