জুড়ী-বড়লেখা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

জুড়ী-বড়লেখা সীমান্ত
মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা সীমান্ত দিয়ে প্রায় ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে আগে থেকেই সতর্ক অবস্থানে থাকা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তাদের এ চেষ্টা ব্যর্থ হয়েছে।
গতকাল শুক্রবার গভীর রাতে ঘন কুয়াশা ও অন্ধকারের সুযোগ নিয়ে সীমান্ত এলাকার বাতি বন্ধ করে এ তৎপরতা চালানো হয় বলে জানা গেছে।
৫২ বিজিবি (বিয়ানীবাজার ব্যাটালিয়ন) সূত্রে জানা যায়, জুড়ী ও বড়লেখা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা এবং বনাঞ্চলঘেঁষা সীমান্ত দিয়ে এসব মানুষকে পুশইনের চেষ্টা করা হয়। প্রতিকূল আবহাওয়া ও রাতের অন্ধকার কাজে লাগিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ। তবে সীমান্তে বিজিবির কঠোর নজরদারির কারণে তা প্রতিহত করা সম্ভব হয়।
এ বিষয়ে ৫২ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানিয়েছেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত টহল পরিচালনার পাশাপাশি ড্রোন, গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।



