মীর শাহে আলম
একটি গুপ্ত সংগঠন শেখ হাসিনাকে দেশে আনতে অস্থিরতা সৃষ্টি করছে

বগুড়ায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত মশাল মিছিলের সমাবেশে বক্তব্য দিচ্ছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
একটি গুপ্ত সংগঠন ১১ দলের ফুটবল টিম গঠন করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পথ সুগম করতে অহেতুক অস্থিরতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বগুড়ার মোকামতলায় গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত মশাল মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মোকামতলা উপজেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।
সংক্ষিপ্ত সমাবেশে মীর শাহে আলম বললেন, ‘যারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পথ সুগম করছে, তাদের বিরুদ্ধে দেশের মানুষ সজাগ ও সচেতন।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘লংমার্চ করতে আপনারা যে মহাসড়ক দিয়ে গিয়েছেন, সেই পথে মানুষ তাকিয়েও দেখেনি। লংমার্চের নামে পায়ে হেঁটে যাওয়ার কথা, অথচ আপনারা কয়েক শ গাড়ি নিয়ে গেলেন। তেল-গ্যাস পাচ্ছেন না বলে দাবি করছেন, আবার সেই কর্মসূচিতে লাখ লাখ লিটার তেল-গ্যাস অপচয় করেছেন। সংসদে এক কথা বলেন, আর সংসদের বাইরে বলেন আরেক কথা।’
বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরে মীর শাহে আলম বলেন, ‘দীর্ঘ ২০ বছর নানা নির্যাতন-নিপীড়ন সহ্য করেও বিএনপি আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছে এবং জনগণের সমর্থনে সরকার গঠন করেছে। তাই হুমকি-ধমকিতে ভীত হওয়ার দল বিএনপি নয়। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়া হবে।
উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমান সরকার মোকামতলাসহ এ অঞ্চলের উন্নয়নে কাজ করছে। একই সঙ্গে দেশের সব অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে, যাতে উন্নয়নের সুফল প্রতিটি এলাকার মানুষ সমানভাবে ভোগ করতে পারেন।’
মশাল মিছিল ও সমাবেশে মোকামতলা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



