নোয়াখালীতে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

নোয়াখালীতে হাম উপসর্গে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
এ নিয়ে জেলায় হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মৃত শিশুর নাম সাওবান (সাড়ে ৩ বছর)। সে জেলার সোনাইমুড়ী উপজেলার পৌরকড়া গ্রামের মো. ওসমানের ছেলে।
আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) রাজীব আহমেদ চৌধুরী।
চিকিৎসক রাজিব জানালেন, ২৪ মে হামের উপসর্গ নিয়ে সাওবানকে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। তার তীব্র জ্বরের পাশাপাশি নিউমোনিয়াও ছিল। চিকিৎসকরা তাকে শিশু ওয়ার্ডে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে আসছিলেন। শুক্রবার বিকাল থেকে তার শ্বাসকষ্ট বেড়ে যায় এবং অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয়।
আরএমও রাজীব আহমেদ চৌধুরী বলেছেন, ‘এপ্রিল মাসের শুরু থেকে এখন পর্যন্ত এক হাজারের বেশি শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ১০-১৫টি শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও চট্টগ্রামে রেফার করা হয়েছে। বর্তমানে হাসপাতালের আইসোলেশন, শিশু ওয়ার্ডে হামসহ বিভিন্ন রোগে আক্রান্ত ১০৮টি শিশু চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয় ৫৫টি শিশু।







