আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইন বন্ধ

আখাউড়ায় সানটিংয়ের সময় তেলবাহী ট্রেনের একটি খালি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সানটিংয়ের সময় তেলবাহী ট্রেনের একটি খালি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া অংশের ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার রাত ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশনের ১৪ নম্বর ইয়ার্ড এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ৯৬২ নম্বর ট্রেনের সানটিংয়ের সময় ৬৩০৫৯ নম্বর খালি তেলের ওয়াগনের সামনের অংশের চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম ডাউন লাইন ব্লক হয়ে যায়।
শ্রীমঙ্গল থেকে ২১টি ওয়াগন নিয়ে ট্রেনটি আখাউড়া জংশনে আসে। এর মধ্যে ৯টি ওয়াগন আখাউড়া রেলস্টেশনে রেখে বাকি ওয়াগনগুলো নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাওয়ার কথা ছিল। সানটিংয়ের সময়ই ঘটে দুর্ঘটনাটি।
আখাউড়া রেলওয়ে জংশন লোকোশেডের ইনচার্জ মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আখাউড়া জংশনে প্রবেশের পথে ডাউন লাইনে তেলবাহী ট্রেনের একটি খালি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ওয়াগনটি উদ্ধার করে রেললাইন সচল করার কাজ চলছে।
দুর্ঘটনার পর রেলওয়ের সংশ্লিষ্ট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছেন। উদ্ধারকাজ শেষ হলে ঢাকা-চট্টগ্রাম ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।




