ভৈরবে নকল রাজস্ব স্ট্যাম্পের ছড়াছড়ি

সংগৃহীত ছবি
কিশোরগঞ্জের ভৈরবে ১০ টাকা মূল্যমানের নকল রাজস্ব স্ট্যাম্প ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন স্টেশনারি, কম্পিউটার ও ফটোকপির দোকানে এসব স্ট্যাম্প বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে রাজস্ব হারাচ্ছে সরকার। আর্থিকভাবে লাভবান হচ্ছে একটি অসাধু চক্র। এমনটিই দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীদের কেউ কেউ। অভিযোগের বিষয়ে তদন্তের কথা জানিয়েছে প্রশাসনও।
অনুসন্ধানে জানা গেছে, উপজেলার বিভিন্ন দোকানে অবাধে বিক্রি হচ্ছে ১০ টাকা মূল্যমানের এসব স্ট্যাম্প। খালি চোখে আসল ও নকল স্ট্যাম্পের পার্থক্য সহজে বোঝা না যাওয়ায় এগুলো ব্যবহার হচ্ছে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরেও। ফলে স্ট্যাম্প ব্যবহারকারীদের পাশাপাশি প্রতারণার শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও।
নাম প্রকাশ না করার শর্তে এক দোকানি বলেন, ‘আমরা স্থানীয় দুলাল মিয়ার ফটোস্ট্যাটের দোকান থেকে এসব রাজস্ব স্ট্যাম্প সংগ্রহ করি। পোস্ট অফিস থেকে কিনলে তেমন লাভ হয় না। তাই ১০ টাকার স্ট্যাম্প দুলাল মিয়ার কাছ থেকে ৭ টাকায় কিনে পরে খুচরা বিক্রি করি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে দুলাল মিয়া বললেন, ‘এই রাজস্ব স্ট্যাম্প অন্য কেউ আমাকে দিয়ে যায় না। বিভিন্ন সময় বিভিন্ন লোকের মাধ্যমে পোস্ট অফিস থেকে সংগ্রহ করি।’
স্ট্যাম্প কেনার কোনো মেমো বা প্রমাণ আছে কি না, জানতে চাইলে তিনি বললেন, ‘পোস্ট অফিস থেকে কোনো মেমো দেওয়া হয় না। এগুলো আসল না নকল, সেটাও আমি জানি না।’
ভৈরব পোস্ট অফিসের পোস্টমাস্টার আনোয়ার হোসেন বললেন, ‘আমাদের এখানে প্রতি মাসে দুই থেকে আড়াই লাখ টাকার রাজস্ব স্ট্যাম্প বিক্রি হয়। হেড অফিস থেকে সরাসরি স্ট্যাম্প এনে পাঁচটির বেশি স্ট্যাম্প হলে স্লিপ বা মেমোর মাধ্যমে বিক্রি করি। তাই আমাদের অফিস থেকে নকল স্ট্যাম্প বিক্রির সুযোগ নেই।’
ইউএনও কে এম মামুনুর রশীদ বললেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



