চুরি হওয়া গরুর খোঁজে ৫০ হাজার পুরস্কার ঘোষণা বিএনপি নেতার

গোয়ালে থাকা গরু— সংগৃহীত
সিলেটে এক বিএনপি নেতার গোয়ালঘরের তালা কেটে দুটি গাভি ও একটি বাছুর চুরি হয়েছে। গতকাল শনিবার রাতে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের কাশিমপুর গ্রামে ঘটেছে এ ঘটনা। গরুগুলোর সন্ধানে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন ওই নেতা।
ভুক্তভোগী নূর উদ্দিন আহমদ উপজেলা বিএনপির সহসভাপতি। তিনি জানান, প্রতিদিনের মতো শনিবার রাতে গরুগুলো গোয়ালে দেন। এরপর রাত ১টার দিকে গোয়ালঘরে পাঁচটি গরু ঠিকঠাক দেখে তিনি ঘুমাতে যান। তবে রবিবার ভোরে ফজরের নামাজ শেষে দুধ দোহনের জন্য গোয়ালঘরে গিয়ে দেখেন, দরজার তালা কাটা এবং ভেতরে থাকা পাঁচটি গবাদি পশুর মধ্যে দুটি বড় গাভি ও একটি বাছুর নেই।
নূর উদ্দিন আহমদ বলেছেন, ‘আমি বহু বছর ধরে অত্যন্ত শখ ও যত্নে গবাদি পশু লালনপালন করছি। এর আগে কখনো আমার বাড়িতে এমন চুরির ঘটনা ঘটেনি। রাতে ঘুমানোর আগেও সব ঠিক দেখে গেলাম, অথচ ফজরের নামাজ পড়ে এসে দেখি আমার গোয়ালঘর খালি। ঘরের দরজার তালা কেটে চোরেরা আমার গরুগুলো নিয়ে গেছে।’
তিনি আরও বললেন, ‘চুরি যাওয়া গবাদি পশু উদ্ধারে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন এবং সন্ধানদাতার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন।’
এ বিষয়ে বিশ্বনাথ থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান বললেন, ‘বিষয়টি সম্পর্কে এখনো আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে আমরা খোঁজখবর নিচ্ছি এবং দ্রুত চোরচক্রকে শনাক্ত ও গবাদি পশুগুলো উদ্ধার করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।’



