কলাপাড়া
হাসপাতালে নেওয়ার পথে অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, নবজাতকের মৃত্যু

বখাটেদের মারধরের সময় সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীর পেটে লাথি দেওয়ার অভিযোগ উঠেছে। ছবি: আগামীর সময়
পটুয়াখালীর কলাপাড়ায় বখাটেদের মারধরের সময় সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীর পেটে লাথি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ওই নারীর গর্ভপাত হয়। তিনি মৃত সন্তানের জন্ম দেন বলে জানিয়েছেন স্বজনরা। মারধর করা হয় ওই নারীর স্বামী ও বাবাকেও।
গতকাল শনিবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের মুন্সীবাড়ি স্ট্যান্ডসংলগ্ন সড়কে।
অন্তঃসত্ত্বা নারীর নাম তানিয়া বেগম (২৫)। তিনি উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর গ্রামের অটোচালক হাবিব পাহলানের স্ত্রী। তানিয়ার বাবার নাম দুলাল হাওলাদারকে (৫৫)।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে হাবিব শ্বশুরবাড়ি থেকে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও শ্বশুরকে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। পথে মুন্সীবাড়ি স্ট্যান্ডসংলগ্ন সড়কে সোহাগ (২০), মামুন ও শাওন সিকদার (২২) নামে কয়েকজন যুবক রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন। যাওয়ার রাস্তা বন্ধ থাকায় হাবিব তাদের সরে দাঁড়াতে বলেন। এ নিয়ে তাদের সঙ্গে হাবিবের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই যুবকরা হাবিব ও তার শ্বশুর দুলালকে মারধর করেন।
স্বামী ও বাবাকে রক্ষা করতে তানিয়া এগিয়ে গেলে অভিযুক্তরা তার পেটে লাথি মারেন বলে স্বজনদের অভিযোগ। পরে তাদের প্রায় দেড় ঘণ্টা সেখানে আটকে রাখা হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে জরুরি বিভাগে প্রবেশের মুখেই তানিয়ার গর্ভপাত হয়। পরে নবজাতকের মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনরা।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




