গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভূমিমন্ত্রীর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীতে আয়োজিত আলোচনা সভায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু
গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
তিনি বলেছেন, দেশের স্বার্থ রক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আজ শনিবার বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীতে আয়োজিত আলোচনা সভা ও র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিকাল ৫টার দিকে নগরীর বাটার মোড়ে মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা শুরু হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলুপট্টিতে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপির নেতারা।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
এ সময় মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিব রাইহান রবীন (রাকিন), সদস্যসচিব মো. ইমদাদুল হক লিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরসহ মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



