সিসিকের ‘আই লাভ সিলেট’ সাইনেজে আড়াল কিনব্রিজ

সিলেটে নতুন সাইনেজে আড়াল হয়েছে ঐতিহ্যবাহী কিনব্রিজের একাংশ। ছবি: আগামীর সময়
সিলেট নগরের ঐতিহ্যবাহী কিনব্রিজের একাংশ আড়াল করে বসানো হয়েছে ‘আই লাভ সিলেট’ সাইনেজ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনা।
প্রায় ৯০ বছর আগে সুরমা নদীর ওপর নির্মিত কিনব্রিজ সিলেটের অন্যতম নিদর্শন। সম্প্রতি ব্রিজের উত্তর প্রান্তের বাঁ দিকের নদীতীরে নির্মাণাধীন ‘আই লাভ সিলেট’ সাইনেজের কারণে সেতুর একটি অংশ পড়ে গেছে আড়ালে।
সিলেট সার্কিট হাউসের উল্টো দিকে সুরমার তীরে উঁচু পাকা ভিত্তির ওপর আলোকসজ্জাসহ এই সাইনেজের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। তাতে সিলেট সিটি করপোরেশন এবং গ্রামীণফোনের লোগো যুক্ত করা হয়েছে।
ফেসবুকে নাট্যকর্মী ডিএক্সএন মাসুম খান লিখেছেন, ‘ঐতিহ্যবাহী ব্রিজ ঢেকে এই বিশ্রী জিনিস স্থাপনের আগে একবারও কি কারও মতামত নেওয়া দরকার ছিল না?’
লেখক ও কনটেন্ট ক্রিয়েটর জালাল জয় বললেন, ‘... নতুন সাইনেজ স্থাপনের ক্ষেত্রে পরিকল্পনার সমন্বয়ের অভাব স্পষ্ট। সাইনেজটি এমনভাবে স্থাপন করা উচিত ছিল, যাতে একই ফ্রেমে কিনব্রিজ ও সাইনেজ— দুটিই স্পষ্টভাবে দেখা যায়। এতে ঐতিহ্য যেমন অক্ষুণ্ন থাকত, তেমনি নতুন স্থাপনাটির উদ্দেশ্যও সফল হতো।’
স্থপতি শামসুল বাসিত শেরোর ফেসবুক পোস্ট বলছে, “পৃথিবীর প্রায় সব জায়গায় ‘লাভ’ শব্দের প্রতীক লাল রঙে করা হয়। অথচ সিলেটে সেটি করা হয়েছে গ্রামীণফোনের নীল রঙে। হবিগঞ্জের ‘আই লাভ’ সাইনেজে গ্রীলের ওপর কাটা অক্ষর বসানো হয়েছে, ফলে পেছনের দৃশ্যও দেখা যায়। কিন্তু সিলেটের ডিজাইনে পুরো কিনব্রিজই ঢেকে দেওয়া হয়েছে। একটি ‘আই লাভ সিলেট’ সাইনেজ নির্মাণে স্পনসরের প্রয়োজন কেন— সেই প্রশ্নও থেকে যায়।”
‘নদীর পাড়ের সৌন্দর্য বাড়ানোর জন্য কিছু গাছ, ছায়াঘেরা বসার জায়গা কিংবা উন্মুক্ত পরিসর তৈরি করা যেত। কিন্তু পরিকল্পনায় কেন সবসময় ইট-কংক্রিটই প্রাধান্য পায়?’ এ প্রশ্ন তুলেছেন স্থানীয় শাহ সিকান্দার আহমদ শাকির।
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের ভাষ্য, নগরের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি পর্যটকদের জন্য আকর্ষণীয় ছবি তোলার স্থান তৈরির লক্ষ্যেই সাইনেজটি নির্মাণ করা হচ্ছে। নির্মাণ ব্যয় বহন ও বাস্তবায়নের দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের। সিটি করপোরেশন কেবল স্থান ব্যবহারের অনুমতি দিয়েছে। এর জন্য কোনো অর্থ নেওয়া হয়নি।
দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরের পরিবেশ, ঐতিহ্য ও নান্দনিকতা অক্ষুণ্ন রেখে উন্নয়নকাজ পরিচালনার চেষ্টা করা হচ্ছে। এমনটাই জানালেন সিলেট সিটির প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। সাইনেজে কিনব্রিজ আড়াল হওয়ার বিষয়টি সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
‘কিনব্রিজের সৌন্দর্য যেন কোনোভাবেই আড়াল না হয়, সেটি নিশ্চিত করা হবে। প্রয়োজন হলে সাইনেজের অবস্থান পরিবর্তনের বিষয়টিও বিবেচনা করা হবে’- বললেন সিটি করপোরেশন প্রশাসক।






