সাভারে ডেঙ্গুতে সাংবাদিক নাদিম হোসেনের মৃত্যু
সাভার (ঢাকা) প্রতিনিধি

নাদিম হোসেন। সংগৃহীত ছবি
সাভারে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নাদিম হোসেন (৪০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।
নিহত নাদিম সাভার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বাংলা ট্রিবিউনের সাবেক প্রতিনিধি ছিলেন।
সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা জানান, গত বুধবার চিকিৎসকরা পরীক্ষার পর নাদিমের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন। সেদিনই তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেখানে তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটতে থাকে।
তিনি জানিয়েছেন, শুক্রবার সকালে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে বিকালে তার মৃত্যু হয়।
তার এই আকস্মিক মৃত্যুতে সাভারে সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।




