উজিরপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

গ্রাফিকস: আগামীর সময়
বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে সুরভী পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিন আরোহী নিহত হয়েছেন।
আজ সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে উপজেলার আটিপাড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোস্তকিন (১৮), তাওহিদ (১৮) ও সৌরভ (১৭)। মোস্তকিনের বাড়ি ধামসর গ্রামে। তাওহিদ ও সৌরভের বাড়ি আটিপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানালেন, সন্ধ্যায় তিন তরুণ একটি মোটরসাইকেলে করে আটিপাড়া রাস্তার মাথা এলাকায় যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী সুরভী পরিবহনের বাসটির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়।
উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেছেন, সুরভী পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
দুর্ঘটনার পর বাসটি ও তিনজনের মরদেহ গৌরনদী হাইওয়ে পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ এবং পরবর্তী আইনি প্রক্রিয়া হাইওয়ে পুলিশ দেখছে বলেও জানালেন তিনি।




