শিবচরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সংগৃহীত ছবি
মাদারীপুরের শিবচরে পৃথক ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল পশ্চিমকান্দি ও বহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো— উৎরাইল পশ্চিমকান্দি এলাকার সৌদি প্রবাসী হুমায়ুন খানের তিন বছর বয়সী মেয়ে অরিন এবং যাদুয়ারচর এলাকার মাহাবুব খানের দুই বছর বয়সী মেয়ে ফাতেমা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে বাড়ির আশপাশে খেলছিল অরিন। একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পেছনের পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে অরিনকে উদ্ধার করা হয়। তাকে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় শিক্ষক পারভেজ বলেছেন, পরিবারের সদস্যদের অগোচরে বিকালে শিশুটি পুকুরে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। সন্ধ্যার আগে পুকুরে খোঁজাখুঁজি করে তার নিথর দেহ উদ্ধার করা হয়। বাড়ির পেছনে গভীর পুকুর থাকায় খেলতে গিয়ে পা পিছলে অরিন পানিতে পড়ে যেতে পারে।
অন্যদিকে, বহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর এলাকায় খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় দুই বছর বয়সী ফাতেমা। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ইব্রাহিম মিয়া বলেছেন, পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বিকালে তাদের হাসপাতালে আনা হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।



