স্বাস্থ্যসেবায় অনিয়ম, লৌহজংয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

লৌহজংয়ে অনিয়মের অভিযোগে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আগামীর সময়
মুন্সিগঞ্জের লৌহজংয়ে অনিয়মের অভিযোগে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার উপজেলার দুই ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু।
তিনি জানান, অভিযানে ইসলামী জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির অপারেশন থিয়েটার ও এক্স-রে রুম অনির্দিষ্টকালের জন্য সিলগালা করা হয়েছে। এ ছাড়া ইয়াসমিন দেলোয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা ও অনিয়মের কারণে ভোক্তার অর্থ, স্বাস্থ্য কিংবা জীবন ক্ষতির মুখে পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।




