শেরপুরে আ. লীগ নেতা নান্নু গ্রেপ্তার

গ্রেপ্তার শহিদুজ্জামান নান্নু
বগুড়ার শেরপুরে বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জি এম) সিরাজের গাড়িবহরে হামলা ও বোমা বিস্ফোরণের মামলায় শহিদুজ্জামান নান্নু নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বিশালপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার দুপুরে তাকে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে শেরপুরে তৎকালীন বিএনপি প্রার্থী জি এম সিরাজের গাড়িবহরে হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের ১৫ নভেম্বর বিএনপি নেতা গোলাম মোস্তফা বাদী হয়ে শেরপুর থানায় মামলা করেন।
মামলায় ৭৪ জনের নাম উল্লেখ করে আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলাটি তদন্তকালে শহিদুজ্জামান নান্নুর সংশ্লিষ্টতা পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দিন বলেন, শহিদুজ্জামান নান্নুকে শুক্রবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।



