সাভারে পুলিশ-শ্রমিক ধাওয়া-পাল্টা ধাওয়া, মহাসড়ক অবরোধ

সাভারে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। ছবি: আগামীর সময়
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে সাভারে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এর জেরে বিক্ষুব্ধ শ্রমিকেরা অবরোধ করেছেন ঢাকা-আরিচা মহাসড়ক। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ করে অবস্থান করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে শ্রমিকেরা সড়কে জড়ো হলে পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় উত্তেজিত শ্রমিকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
অন্যদিকে বেলা ১১টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় একেএইচসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইবনে ফরহাদ জানিয়েছেন, কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা একত্র হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও বিজিবি সদস্যরা যৌথভাবে কাজ করছেন।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ আলী আহমেদ সকাল ১০টা ৫০ মিনিটে মহাসড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আন্দোলনরত শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।




