রেমা-কালেঙ্গায় ‘বিশ্বের বড়’ কাঠবিড়ালি

মালয়ান জায়ান্ট কাঠবিড়ালি। ছবি: আগামীর সময়
হবিগঞ্জের চুনারুঘাটের রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে দেখা মিলেছে বিরল মালয়ান জায়ান্ট কাঠবিড়ালির। সম্প্রতি বন থেকে কাঠবিড়ালিটির কয়েকটি ছবি তুলেছেন শৌখিন আলোকচিত্রী শাহেদ আহমেদ। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, এ প্রজাতির কাঠবিড়ালি থাকতে পারে দেশের অন্য বনেও। তবে সংখ্যা কম হওয়ায় সহজে এর দেখা মেলে না।
মালয়ান জায়ান্ট কাঠবিড়ালির ইংরেজি নাম ব্ল্যাক জায়ান্ট স্কুইরেল বা মালয়ান জায়ান্ট স্কুইরেল। বৈজ্ঞানিক নাম Ratufa bicolor। এটি বাংলাদেশের আট প্রজাতির কাঠবিড়ালির মধ্যে সবচেয়ে বড়। পূর্ণবয়স্ক একটি কাঠবিড়ালির মাথা ও শরীর মিলিয়ে দৈর্ঘ্য প্রায় ৬০ সেন্টিমিটার। লেজও লম্বা হয় প্রায় ৬০ সেন্টিমিটার পর্যন্ত। সব মিলিয়ে এর দৈর্ঘ্য দেড় মিটার এবং ওজন প্রায় দুই কেজি পর্যন্ত হতে পারে।
দেখতে সাধারণ কাঠবিড়ালির মতো হলেও আকারে অনেক বড় এই প্রাণীর লম্বা লেজ ও বড় কান বিশেষভাবে চোখে পড়ে। মাথা, কান, লেজ ও পিঠের দিক কালো বা মেরুন রঙের এবং পেটের অংশ সাদা। ডালপালা ও পাতা দিয়ে বাসা তৈরি করে গাছের উঁচু ডালে। মূলত বেঁচে থাকে বুনো ফল, বীজ ও কচি পাতা খেয়ে। মার্চ থেকে আগস্ট পর্যন্ত এর প্রজনন মৌসুম।
বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক বন ধ্বংস, পুরনো ও বড় গাছ কেটে ফেলা, বনভূমিতে বসতি স্থাপন এবং বন্যপ্রাণী শিকারের কারণে মালয়ান জায়ান্ট কাঠবিড়ালির আবাসস্থল ও সংখ্যা কমছে। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা আইইউসিএনের তালিকায় প্রজাতিটি সংকটাপন্ন হিসেবে চিহ্নিত।
কালেঙ্গা বিট কর্মকর্তা আল আমিন বলেছেন, রেমা-কালেঙ্গায় রয়েছে বিভিন্ন প্রজাতির কাঠবিড়ালি। এর মধ্যে মালয়ান জায়ান্ট কাঠবিড়ালি বিরল ও সবচেয়ে বড়। এটি বনে দেখা যাচ্ছে, যা ভালো খবর।
বৃন্দাবন সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুবাস চন্দ্র দেব বলেছেন, ‘দেশের আট প্রজাতির কাঠবিড়ালির মধ্যে মালয়ান জায়ান্ট সবচেয়ে বড়। সারা বিশ্বেই এখন এ প্রজাতি বিরল। অন্য বনেও এর উপস্থিতি থাকতে পারে, তবে রেমা-কালেঙ্গায় তুলনামূলকভাবে সহজে দেখা যায়। তিনি বলেছেন, মালয়ান জায়ান্ট কাঠবিড়ালি প্রাকৃতিক বনের ওপর নির্ভরশীল। তাই এই প্রাণীর অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে বন ও এর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে এখনই উদ্যোগ নিতে হবে।’ বাংলাদেশে আট প্রজাতির কাঠবিড়ালি আছে, তার মধ্যে সব থেকে বড় মালয়ান কাঠবিড়ালি। মালয়ান কাঠবিড়ালিকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় কাঠবিড়ালি।





