মাদক বিক্রির অভিযোগ, দাউদকান্দি থানার ওসি প্রত্যাহার

প্রত্যাহার হওয়া ওসি আব্দুল বারী। সংগৃহীত ছবি
মাদক বিক্রির অভিযোগ ওঠার পর কুমিল্লার দাউদকান্দি মডেল থানার ওসি আব্দুল বারীকে গতকাল মঙ্গলবার রাতে প্রত্যাহার করা হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের সই করা এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আদেশে বলা হয়, ওসি আব্দুল বারীকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তবে কি কারণে ওসিকে প্রত্যাহার করা হয়েছে চিঠিতে তা বলা হয়নি।
দাউদকান্দি থানা সূত্রে জানা যায়, গত শনিবার উপজেলার বিশ্বরোড এলাকার একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১৬০ কেজি গাঁজা জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন দাউদকান্দি মডেল থানার এসআই মো. ইমাম উদ্দিন ও এএসআই হাফিজুর রহমান। রাত ১২টার দিকে তিন মাদক কারবারির কাছে গাঁজাগুলো বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। গাঁজা বিক্রির পর ৩০ হাজার টাকা নিয়ে কাভার্ডভ্যানটি ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় ওসি আব্দুল বারিকে প্রত্যাহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এসআই ইমাম উদ্দিন বলেছেন, ‘ওই সময় আমি ডিউটিতে ছিলাম। গাঁজা উদ্ধার ও বিক্রির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
এএসআই হাফিজুর রহমান জানান, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।
ওসি আব্দুল বারী বলেছেন, ‘মাদকের ঘটনাটি সিনিয়র কর্মকর্তারা তদন্ত করছেন। ইমাম ও হাফিজুর এ ঘটনায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তবে প্রত্যাহার হওয়ার বিষয়ে কোনো কোনো মন্তব্য করেননি তিনি।





