স্কুলশিক্ষিকার মরদেহ টয়লেটের ট্যাংকে, বাড়িতে আগুন

আটঘরিয়ায় নিজ বাড়ির টয়লেটের ট্যাংক থেকে উদ্ধার স্কুলশিক্ষিকা গীতার মরদেহ। ছবি: আগামীর সময়
পাবনার আটঘরিয়ায় নিজ বাড়ির টয়লেটের ট্যাংকে মিলেছে স্থানীয় ব্র্যাক স্কুলের শিক্ষিকা গীতা রাণীর মরদেহ। বাড়িটির আসবাব পুড়েছে আগুনে। আটঘরিয়া থানার ওসি নাজমুল ইসলাম এসব নিশ্চিত করেছেন।
উপজেলার একদন্ত ইউনিয়নের ওই বাড়ি থেকে আজ বেলা ১১টার দিকে উদ্ধার হয় মরদেহটি। সেটি পড়ে ছিল বাড়ির পাশের টয়লেটের ট্যাংকে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের।
স্থানীয়দের বরাতে থানা পুলিশ জানিয়েছে, গতরাত ৩টার দিকে ঘটেছে হত্যার ঘটনাটি। ধারণা করা হচ্ছে, গীতাকে হত্যার পর আলামত গুমের উদ্দেশ্যে বাড়ির আসবাবে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
নিহত গীতা (৪৫) একদন্ত ইউনিয়নের একদন্ত বারইপাড়া গ্রামের নন্দ দাসের স্ত্রী। তিনি পড়াতেন চাচকিয়া ব্র্যাক স্কুলে।
স্থানীয়রা জানান, বাড়িতে একাই থাকতেন গীতা। স্বামী থাকেন ঢাকায়। গত রাত ৩টার দিকে চুরির উদ্দেশ্যে দুর্বৃত্তরা ওই ঘরে ঢুকে। টের পেয়ে যাওয়ায় হত্যা করা হয় গীতাকে। আজ সকালে তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে ১১টার দিকে টয়লেটের ট্যাংকে মরদেহ দেখে পুলিশে খবর দেন প্রতিবেশীরা।
স্থানীয় মাসুদ রানা বললেন, ‘গভীর রাত হওয়ায় কেউ ঘটনা টের পাইনি। দুর্বৃত্তরা বাড়ির ভেতরের আসবাব ও লেপ-কাথায় আগুন দিয়েছিল। কিন্তু সে আগুন বাইরে ছড়ায়নি। সকালে গীতাকে খোঁজাখুজি করতে গিয়ে এসব পোড়া অবস্থায় দেখা গেছে।’
ওসি নাজমুল জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। কীভাবে এই হত্যাকাণ্ড এবং কারা জড়িত- তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।






