স্বামী নেই, শরীরে ক্যানসার; আগুনে পুড়ল নাসিমার শেষ আশ্রয়

দুই সন্তানের জননী নাসিমা বেগম (৩৫)। স্বামী মারা গেছেন সাত বছর আগে। তিন মাস ধরে ভুগছেন ক্যানসারে। আশ্রয় নিয়েছিলেন বাবার বাড়িতে। সেই ঘরটিও আগুনে পুড়ে গেছে। এখন একমাত্র সম্বল একটিমাত্র থাকার ঘর। সেখানে নিজের দুইসন্তানসহ বাবা-মা ও এক ভাইকে নিয়ে গাদাগাদি করে থাকেন।
গত ১৯ নভেম্বর বিকালে রংপুরের গড়াচড়ার চর বিনবিনা এলাকায় নাসিমার ঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সরকারি বা বেসরকারিভাবে কোনো সহায়তা পাননি তারা।
স্থানীয়দের ভাষ্য, নাসিমা চর বিনবিনা এলাকার খাজা আলমের মেয়ে। তার স্বামী রবিউল ইসলাম ছিলেন অটোরিকশাচালক। সাত বছর আগে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। এরপর অন্যের জমিতে কাজ করে দুই সন্তানকে নিয়ে সংসার চালাতেন নাসিমা। পাশাপাশি জোগাতেন সন্তানদের পড়াশোনার খরচ। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন নাসিমা। পিত্তথলিতে পাথর হয়। অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হলেও গত তিন মাস ধরে তিনি ক্যানসারে ভুগছেন। নিরুপায় হয়ে অসুস্থ মেয়েকে বাবার বাড়িতে নিয়ে আসেন খাজা আলম।
বর্তমানে পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এখন বৃদ্ধ খাজা আলম। নাসিমার একমাত্র ভাই সবুজ মিয়া জন্ম থেকেই বাক্প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন। মেয়ের চিকিৎসা, নাতি-নাতনির পড়াশোনা এবং পরিবারের খাওয়া-পরার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন খাজা আলম।
কান্নাজড়িত কণ্ঠে নাসিমা বলেন, ‘স্বামীকে হারিয়েও ছেলেমেয়েকে নিয়ে বাঁচার স্বপ্ন ছাড়িনি। ক্যানসারে অসুস্থ হয়ে বাবার বাড়িতে উঠেছিলাম। সেই ঘরটাও পুড়ে গেল। এখন পর্যন্ত সরকারি-বেসরকারি কেউ কোনো সাহায্য করেনি।’
স্থানীয় বাসিন্দা জুয়েল মিয়া বলেন, ‘সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নিজেকে সমাজসেবক দাবি করা প্রার্থীর অভাব নেই। অথচ একটি পরিবার এমন মানবেতর জীবন কাটাচ্ছে, কেউ পাশে দাঁড়ায়নি। এটা দুঃখজনক।’
একই এলাকার লবিব মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘চরাঞ্চলের ভোট সবার দরকার, কিন্তু বিপদে কাউকে পাওয়া যায় না। খাজা আলমের পরিবারের ঘটনাই তার প্রমাণ।’
কোলকোন্দ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের (বিনবিনা) সদস্য মনোয়ারুল ইসলাম বলেন, পরিষদের পক্ষ থেকে সরকারি সহায়তার জন্য আবেদন করা হয়েছে। তিনি আশা করছেন, পরিবারটি সহায়তা পাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন, ঘর পুড়ে যাওয়ার খবর তিনি পেয়েছেন। তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে এখন পর্যন্ত কেউ আসেননি। তারা এলে সাধ্যমতো সহায়তা করা হবে।




