‘আধঘণ্টা আগেও ছেলের সঙ্গে কথা বলেছি, এখন সে নেই’

ইমরান জুবায়ের
‘আধঘণ্টা আগেও ছেলের সঙ্গে মোবাইলে কথা বলেছি। ঈদগাঁওতে ছিল, বলেছিলাম দেখে-শুনে গাড়ি চালাতে। কিছুক্ষণ পর শুনলাম, দুর্ঘটনায় আমার একমাত্র ছেলে মারা গেছে। এখন আমি কাকে নিয়ে বাঁচব?’
আজ বুধবার সকালে কক্সবাজার সদর হাসপাতাল থেকে একমাত্র ছেলে ইমরান জুবায়েরের (২৭) মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে এভাবেই বিলাপ করছিলেন বাবা নুরুল বশর। বুক চাপড়ে ছেলের কথা বলতে বলতে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন তিনি।
ইমরান জুবায়ের ছিলেন ছয় বোনের একমাত্র ভাই এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক। স্ত্রী ও একমাত্র সন্তান রেখে মাত্র ২৭ বছর বয়সেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।
গতকাল মঙ্গলবার সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় ইমরানসহ পাঁচজন নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক নারী।
নিহত ইমরানের বাড়ি বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গুলিস্তান বাজার বামহাতিরছড়া এলাকায়।
রাতেই ছেলের মরদেহ আনতে কক্সবাজার সদর হাসপাতালে পৌঁছান নুরুল বশর ও স্বজনেরা। সেখানে ছেলের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, দুর্ঘটনার প্রায় আধঘণ্টা আগেও ইমরানের সঙ্গে তার বাবার মোবাইল ফোনে কথা হয়েছিল।
বাবা নুরুল বশর বলেছেন, ‘আমার ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত। ওকে বলেছিলাম, ঈদগাঁওতে আছিস, দেখে-শুনে গাড়ি চালাস। এখন আমার একমাত্র ছেলে আর নেই। আমি কীভাবে নিজেকে বুঝাব?’
আইনগত প্রক্রিয়া শেষে ইমরানের মরদেহ নিয়ে স্বজনেরা বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী, মা ও বোনেরা। একমাত্র পুত্রসন্তানকে হারিয়ে তার মা বারবার বিলাপ করতে থাকেন। স্বামীকে হারিয়ে নির্বাক হয়ে পড়েন ইমরানের স্ত্রী। ছয় বোনের আহাজারিতে প্রতিবেশীরাও চোখের পানি ধরে রাখতে পারেননি।
প্রতিবেশী শিক্ষক করিম উল্লাহ নিশ্চিত করেছেন, বুধবার সকাল ১১টায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে ইমরানকে দাফন করা হয়েছে।



