রাজৈর-কোটালীপাড়া সড়কে সন্ধ্যা নামলেই ডাকাতের আতঙ্ক

কোটালীপাড়া পর্যন্ত ৩৪ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কে ডাকাতির ঘটনা বেড়েছে। ছবি: আগামীর সময়
মাদারীপুরের রাজৈর থেকে গোপালগঞ্জের কোটালীপাড়া পর্যন্ত ৩৪ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কে ডাকাতির ঘটনা বেড়েছে। সন্ধ্যা নামলেই সড়কে গাছ ফেলে যানবাহনের পথরোধ করে ডাকাতি করছে দুর্বৃত্তরা। এতে যাত্রী, চালক ও ব্যবসায়ীরা পড়ছেন আতঙ্কে।
স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতি সপ্তাহেই একই কায়দায় ডাকাতি হচ্ছে। নিরাপত্তার অভাবে সন্ধ্যার পর অনেকেই এ সড়কে চলাচল এড়িয়ে চলছেন।
গত ৮ নভেম্বর সন্ধ্যা থেকে পরদিন ভোররাত পর্যন্ত এ সড়কের তিনটি স্থানে ডাকাতির ঘটনা ঘটে। রাত ১০টার দিকে পাইত্তাবাড়ি মোড়ে, রাত ১টার দিকে একই এলাকার পৌরসভার ময়লার স্তূপের পাশে এবং ভোর ৫টার দিকে বারোবাইরা এলাকায় গাছ ফেলে যানবাহনের পথরোধ করে ডাকাতি করা হয়। একই রাতে ধারাবাহিক এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ডাকাতির শিকার পুরোহিত গোপাল সমাদ্দার আগামীর সময়কে জানালেন, গত ৯ নভেম্বর ভোররাতে মণ্ডলবাড়ির কালীপূজা শেষে তিনি বাড়ি ফিরছিলেন। রাজৈর-কোটালীপাড়া আঞ্চলিক মহাসড়কের রাজৈর সদর ইউনিয়নের বারোবাইরা এলাকায় পৌঁছালে গাছ ফেলে তার ভ্যানের পথরোধ করা হয়। এ সময় তার মতো আরও ২০ থেকে ২৫টি গাড়িতে থাকা ৪০ থেকে ৫০ জন যাত্রী ডাকাতদের হামলার শিকার হন। ডাকাতরা তার কাছ থেকে পূজার সম্মানী বাবদ পাওয়া ৬ হাজার টাকা ও একটি স্মার্টফোন নিয়ে যায়। প্রাণে বেঁচে ফিরলেও সেই রাতের আতঙ্ক এখনো তাকে তাড়া করে বেড়ায়।
স্থানীয় ভ্যানচালক বিকাশ মণ্ডল জানান, গত তিন মাসে এ এলাকায় ডাকাতির ঘটনা বেড়েছে। সড়কের দুই পাশে বিল ও জঙ্গল থাকায় এবং লোকবসতি কম থাকায় দিনের বেলাতেও এ পথে গাড়ি নিয়ে চলাচল করতে ভয় পান তারা।
তার অভিযোগ, ডাকাতরা রামদা ও চাপাতি দেখিয়ে দিনের বেলাতেও মাছ ব্যবসায়ী ও কৃষিশ্রমিকদের কাছ থেকে উপার্জনের টাকা ছিনিয়ে নেয়।
স্থানীয় মাছের ঘেরমালিক সোহেল শিকদার বললেন, আমার ঘেরের সামনে পুলিশের টহল দল থাকে। তবে ভোর রাত ৪টার দিকে টহল দল চলে যাওয়ার পরই ডাকাতির ঘটনা ঘটে।
যাত্রী আম্বিয়া বেগম জানান, এ পথে রাতে যাতায়াত মানেই আতঙ্ক। দোয়া-দরুদ পড়ে বাড়ি থেকে বের হতে হয়। নিরাপদে বাড়ি ফিরতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কায় থাকেন।
এলাকাবাসীর অভিযোগ, সড়কটিতে প্রায় প্রতি সপ্তাহেই একই কায়দায় ডাকাতি হচ্ছে। সন্ধ্যার পর অনেকেই এ পথ এড়িয়ে চলেন। সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিয়মিত পুলিশি টহল এবং একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হলে ডাকাতি কমানো সম্ভব হবে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম আগামীর সময়কে জানিয়েছেন, রাজৈর বাসস্ট্যান্ড থেকে কোটালীপাড়া পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ৩৪ কিলোমিটার। সড়কের দুই পাশে জঙ্গল ও বিল থাকায় অনেক জায়গা জনবসতিহীন। রাজৈর থানা এলাকার মধ্যে পুলিশের টহল দল দায়িত্ব পালন করছে। তবে টহল দল রাজৈর উপজেলার শেষ সীমানা থেকে ফিরে এলে সড়কের অপর অংশ ফাঁকা থাকে। ওই অংশে কোটালীপাড়া থানা-পুলিশের টহল বাড়ানো হলে ডাকাতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।




