মিছিল নিয়ে কোটালীপাড়ার কার্যালয় খুললেন আওয়ামী লীগের নেতাকর্মীরা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কার্যালয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ। ছবি: আগামীর সময়
প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ বুধবার সকালে কার্যালয়টি খুলে ভেতরে প্রবেশ করেন তারা। এ সময় বিক্ষোভ করেন উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা।
পরে আওয়ামী লীগ ঘোষিত আগামীকাল ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাদল, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খাইরুল রাজ্জাক খসরু, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার ও সাধারণ সম্পাদক শামীম দাড়িয়াসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক।
সমাবেশ থেকে উপস্থিত নেতাকর্মীরা আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানান।




