বান্দরবানের নাইক্ষ্যংছড়ি
পরিত্যক্ত ক্যায়াং ঘরে পড়েছিল কাঠ ব্যবসায়ীর গলাকাটা লাশ

নিহত জাফর আলম বাবুল
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পরিত্যক্ত ঘর থেকে এক কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হয় উপজেলার বাইশারী ইউনিয়নের চাদুপাড়া এলাকায় একটি ক্যায়াং ঘরের উঠান থেকে। বৌদ্ধদের এই ধর্মীয় উপাসনালয় বা প্রার্থনাস্থলটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত।
মৃত ব্যবসায়ীর নাম জাফর আলম বাবুল (৫০)। তিনি আলম বাবুল স্থানীয় বাসিন্দা ওসমানের ছেলে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে পরিত্যক্ত ওই ক্যায়াং ঘরে নিয়মিত জুয়ার আসর বসতো। জুয়া খেলাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তাদের ধারণা।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।




