গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দম্পতি দগ্ধ

নারায়ণগঞ্জের একটি বাড়িতে বিস্ফোরণের খবরে উদ্ধারে আসে ফায়ার সার্ভিস। ছবি: আগামীর সময়
নারায়ণগঞ্জ বন্দরের একটি বাড়িতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তারা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের চাঁপাতলি এলাকায় এ ঘটনা ঘটেছে।
দগ্ধরা হলেন, রাজমিস্ত্রি মো. মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২৪) এবং তাদের ছেলে মারুফ (৮)। তারা ওই এলাকার সেলিম মিয়ার বাসায় ভাড়া থাকতেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন এসব নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, যেকোনোভাবে ঘরটিতে গ্যাস লিক হয়ে জমাট বাঁধে। শুক্রবার সকালে মাইদুল লাইটার দিয়ে সিগারেট জ্বালাতে গেলে বিস্ফোরণে আগুন ধরে যায় ঘরে।’
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান বলেছেন, ‘তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তারা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন।’




