চকরিয়া
মিনি ট্রাকে ২০ হাজার ইয়াবা, চালক আটক
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় একটি মিনি ট্রাকে প্রায় ২০ হাজার ইয়াবা ট্যাবলেট বহনের অভিযোগে চালককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।
আজ শনিবার সকাল ৭টার দিকে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন।
তিনি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতঘর নয়াপাড়া এলাকার বাসিন্দা এহসানকে (২৬) আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা মিনি ট্রাকে তল্লাশি করে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি মোহাম্মদ মনির হোসেন নিশ্চিত করেছেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।




