সালথা
মাদক কারবারিকে ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার

ফরিদপুরের সালথার একটি গ্রামে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে মাদক কারবারিকে ধরিয়ে দিতে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা দেওয়া হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বিষ্ণুদী যুব উন্নয়ন সংগঠন এ ঘোষণা দেয়।
আজ শুক্রবার বিকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক মাদকবিরোধী সমাবেশে সংগঠনের পক্ষ থেকে এ ঘোষণা দেন অধ্যাপক কামরুল ইসলাম।
তিনি বললেন, গ্রামের কোনো মাদক কারবারিকে সুনির্দিষ্ট প্রমাণসহ ধরিয়ে দিতে পারলে তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
‘মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সংগঠনের সভাপতি মো. রবিউল মুন্সীর ভাষ্য, নতুন প্রজন্মকে রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে। তাই মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সমাবেশে উপস্থিত এলাকাবাসী অঙ্গীকার করেন মাদক বিক্রেতা বা মাদকসেবী আটক হলে তিনি নিজের সন্তান হলেও তাকে ছাড়িয়ে আনতে যাবেন না।
সমাবেশে উপস্থিত ছিলেন ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মহিউদ্দিন, প্রবীণ আলেম মেজবাহ উদ্দিন, হাফিজুর মাতুব্বর, হবি মোল্যা, ইউপি সদস্য উজ্জ্বল শেখ, বিষ্ণুদী যুব উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য।





