ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ২০

বোয়ালমারী উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের একজন। ছবি: আগামীর সময়
ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ধুলজোড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে পরমেশ্বরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বহিষ্কৃত আওয়ামীলীগ নেতা মান্নান মাতুব্বর এবং সালথা উপজেলার খাড়দিয়া গ্রামের বিএনপি নেতা মুশফিক বিল্লাহ জিহাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। গত শনিবার জিহাদ গ্রুপের সোলায়মান মাতুব্বর বাজার করতে আসলে তার ওপর হামলা করে মান্নানের পক্ষের লোকজন। হামলায় সোলায়মান আহত হন। জিহাদ ঘটনাস্থলে এসে সোলায়মানের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এর কিছুক্ষণ পর দেশীয় অস্ত্র নিয়ে জিহাদের উপরও অতর্কিত হামলা চালানো হয়। এতে তিনিও জখম হন।
মান্নান মাতুব্বর ও নটখোলা গ্রামের তারা মিয়ার নেতৃত্বে মান্নানের ছেলে মাসুদ রানা ও মজনু মাতুব্বর, স্থানীয় যুবলীগ নেতা পান্নু মাতুব্বর, কুদ্দুস মাতুব্বরের ছেলে ফারুক মাতুব্বর ও মারুফ মাতুব্বর, ইয়াসিনসহ ১০/১২ জনের একটি দল এই হামলা চালায় বলে অভিযোগ করেন স্থানীয়রা।
স্থানীয়দের বরাতে বোয়ালমারী থানার ওসি মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, এ ঘটনার রেশ ধরে গতকাল ধুলজোড়া ব্রিজের কাছে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। আহতদের বোয়ালমারী উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহত পরমেশ্বরদী গ্রামের বাচ্চু মোল্যার ছেলে কবির মোল্যা, হাশেম মোল্যার ছেলে কামরুল মোল্যা, মনসুর মোল্যার ছেলে লোকমান মোল্যাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন ওসি।








