সহপাঠীদের সঙ্গে গোসলে নেমে মেঘনায় নিখোঁজ ৩ স্কুলছাত্র

নিখোঁজ তিন স্কুলছাত্রের সন্ধানে মেঘনা নদীতে ডুবুরি দলের অভিযান। ছবি: আগামীর সময়
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে তিন স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। কিশোরদের উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে ঢাকা থেকে যাওয়া ডুবুরি দল।
আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটি বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ কিশোররা হলো মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার মো. ফারুকের জমজ ছেলে আরিফিন (১৫) ও আশিকিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলীমের ছেলে আবির (১৪)।
নিখোঁজ তিনজনই মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারি বিদ্যালয়ের ছাত্র। দুই ভাই আরিফিন ও আশিকিন নবম শ্রেণির এবং আবির অষ্টম শ্রেণির ছাত্র।
পরিবারের সদস্যরা জানান, আজ চার বন্ধু মিলে মেঘনা নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর একজন পানি থেকে উঠে এলেও তলিয়ে যায় অন্য তিনজন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানিয়েছেন, কিশোরদের উদ্ধারে কাজ করছে ঢাকা থেকে যাওয়া তিনজন ডুবুরি।




