নরসিংদীর শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ ৪

শীতলক্ষ্যা নদী। ছবি: আগামীর সময়
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে ডুবে নারী ও শিশুসহ ৪ জন নিখোঁজ। আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো সন্ধান না পেয়ে সকাল পর্যন্ত অভিযান স্থগিত করেছে ফায়ার সার্ভিস। ভৈরব থেকে ডুবুরি দল ঘটনা স্থলে পৌছে উদ্ধার কার্যক্রম শুরু করবে বলে নিশ্চিত করেছেন শিবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার।
নিখোঁজরা হলেন, গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের মো: ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোসা: শান্তা (১৬), টাঙ্গাইল জেলার মো: শান্ত (২৪) ও নরসিংদীর শিবপুর উপজেলার সৌরভ।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে নিখোঁজ তিনজন বেড়াতে এসেছিল। বিকালে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে প্রবল স্রোত ও সাঁতার না জানা তিনজন গভীর পানিতে তলিয়ে যায়। পরে তাদের উদ্ধার করতে গিয়ে সৌরভও ডুবে যায়।
স্থানীয়রা নদীতে নেমে তাদের সন্ধান পায়নি। পরে ফায়ার সার্ভিসকে জানালে তারা সাড়ে ৪টায় ঘটনাস্থলে উপস্থিত হয়। সাড়ে ৫টা পর্যন্ত তাদের সন্ধান না পাওয়ায় অভিযান সকাল পর্যন্ত স্থগিত করেন।
শিবপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা ইসলাম খান বলেন, প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। সকালে ভৈরব থেকে ডুবুরি দল আসলে আবার উদ্ধার অভিযান শুরু হবে।



