ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ছবি : আগামীর সময়
গাজীপুরের টঙ্গীতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
আজ রবিবার বেলা ১১টা থেকে কয়েক হাজার শিক্ষার্থী গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন। আন্দোলনকারীদের অধিকাংশই টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার রাতে মহাসড়ক পার হওয়ার সময় গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের চাপায় নিহত হন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আরাফাত। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে যায়।
সহপাঠী নিহতের প্রতিবাদ ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আজ সকাল থেকেই গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে তারা মহাসড়কে অবস্থান নিয়ে ব্যানার ও স্লোগানের মাধ্যমে মাদ্রাসার সামনে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান।
শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাসড়কে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুই পাশের সড়ক বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। এ সময় যাত্রীদের পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, শিক্ষার্থীরা এখনো (প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত) মহাসড়কে অবস্থান করছেন। তাদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।






