বরিশালে জমি নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা, আটক ৩

গ্রাফিকস: আগামীর সময়
বরিশাল নগরে জমি নিয়ে বিরোধের জেরে কামরুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর পূর্ব পুরানপাড়া বটতলা এলাকার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কামরুল ইসলাম ওই এলাকার মৃত আব্দুল মালেক রাঢ়ীর ছেলে।
আটক ব্যক্তিরা হলেন- আনোয়ার হোসেন, তার স্ত্রী খাদিজা ও ছেলে মিরাজ।
নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কামরুল ইসলামের সৎ মামাতো ভাই সুরুজের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে কামরুল নিজের জমিতে দেয়াল নির্মাণ করতে গেলে সুরুজের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুরুজ, তার বাবা আনোয়ার হোসেন ও মিরাজ মিলে কামরুলকে মাটিতে ফেলে মারধর করেন। এ সময় তার পিঠে কোপ দেওয়া হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানার এসআই শহিদুল ইসলাম বললেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে মামা-ভাগনের মধ্যে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
কাউনিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম জানালেন, এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



