বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করতে বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে উপজেলায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সেখানে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
প্রধানমন্ত্রীর সমাবেশকে সফল করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও বিএনপি নেতাকর্মীরা নিয়েছেন নানা উদ্যোগ।
সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে এদিন ১৫৫ জন ফ্যামিলি কার্ড সুবিধাভোগীর পাশাপাশি আরও ১২০ জনকে দেওয়া হবে বিভিন্ন ধরনের সরকারি সহায়তা ও অনুদান। প্রধানমন্ত্রীর হাত থেকে সহায়তা নেবেন ২৭৫ জন উপকারভোগী।
সরকারি সহায়তার আওতায় ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, স্ট্রোকজনিত পক্ষাঘাত, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের দেওয়া হবে এককালীন আর্থিক অনুদান।
এছাড়া ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, চা-শ্রমিকদের আবাসন সুবিধা এবং অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে অনুষ্ঠানস্থল পরিদর্শন, নিরাপত্তা জোরদার এবং সার্বিক প্রস্তুতির কাজ শুরু হয়েছে এরই মধ্যে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। সকাল ১০টা ১৫ মিনিটে সিলেটে পৌঁছে তিনি সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশে যাত্রা করবেন। এদিন দুপুর ১টায় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি করবেন উদ্বোধন।
এ কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
সফরকে কেন্দ্র করে শ্রীমঙ্গল শহরে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। টানা বৃষ্টিতে কাদাযুক্ত হয়ে পড়া মাঠে ফেলা হয়েছে বালু। পাশাপাশি ইটের সলিং, মঞ্চ নির্মাণ, সৌন্দর্যবর্ধন, নিরাপত্তা বেষ্টনী স্থাপন এবং শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ এগিয়ে চলছে দ্রুতগতিতে।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রীর এই সফর এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে বৈরী আবহাওয়া কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে।’
তিনি আরও জানান, বিএনপির নেতাকর্মী, চা-শ্রমিক, হিন্দু সম্প্রদায়, ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিদের সঙ্গে করা হয়েছে একাধিক বৈঠক। সবার অংশগ্রহণ নিশ্চিত করেই প্রস্তুতির কাজ নেওয়া হয়েছে এগিয়ে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেছেন, ‘সফরসূচি পাওয়ার পর থেকেই প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় প্রস্তুতি। মঞ্চ নির্মাণ, বসার ব্যবস্থা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক সমন্বয়ের কাজ রয়েছে চলমান।




