নাটোর
৬ দিন ধরে নিখোঁজ যুবক, মরদেহ মিলল প্রতিবেশীর নির্মাণাধীন শৌচাগারে

গ্রাফিকস: আগামীর সময়
নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর শফিকুল ইসলাম (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার কালিকাপুর আদর্শ গ্রামের একটি নির্মাণাধীন শৌচাগারের ভেতর থেকে উদ্ধার করা হয় মরদেহটি।
মৃত শফিকুল ওই গ্রামের মৃত শহিদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল শফিকুল। মঙ্গলবার সকালে পাশের বাড়ির মামুন হোসেনের নির্মাণাধীন শৌচাগারে দুর্গন্ধ পান স্থানীয়রা। পরে সেখানে মরদেহটি দেখতে পান তারা।
নিহতের ভাই জাকির হোসেন বললেন, ‘প্রতিবেশী সোহেল একজন মাদক কারবারি। নিখোঁজ হওয়ার কয়দিন আগে তার সঙ্গে আমার ভাইয়ের মাদক বিক্রি নিয়ে বিরোধ হয়। তিনিই আমার ভাইকে হত্যা করেছেন।’
বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি চলছে।




