বাংলাদেশ একটি গুজবের দেশ: প্রতিমন্ত্রী মীর হেলাল

রাঙামাটির ট্রাইবেল আদাম এলাকায় তথ্য কমপ্লেক্স ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
বাংলাদেশ একটি গুজবের দেশ। এখানে সামাজিক যোগাযোগমাধ্যমে যা মনে চায়, তাই লেখা যায় বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
তিনি বলেছেন, ‘এআইয়ের সর্বোচ্চ অপব্যবহার করে মানুষের চরিত্র হননসহ বিভিন্ন ধরনের অপকর্ম করা হচ্ছে। তথ্য কমপ্লেক্সের ভবন নির্মাণ শেষ হলে সেখানে ফ্যাক্ট চেকিং কার্যক্রম চালু করা হবে। এটি শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, আপামর জনসাধারণের জন্যও সামাজিক অবক্ষয় রোধে সহায়ক হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে রাঙামাটির ট্রাইবেল আদাম এলাকায় জেলার আধুনিক তথ্য কমপ্লেক্স ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বললেন, ‘গত ১৭ বছরের নানা অনাচারে আমাদের চলচ্চিত্রশিল্প ধ্বংসের পথে। সেটিকে আবার ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। এই ভবনে একটি মিনি সিনেপ্লেক্সের ব্যবস্থা রাখা হয়েছে। এটি আমাদের সংস্কৃতি রক্ষায় সহায়ক ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে সংসদ সদস্য দীপেন দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এস এম আব্দুর রহমান, পুলিশ সুপার মো. আব্দুর রকিবসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



