সিলেটে বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৯ মাসের শিশুকন্যাসহ এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ধোপাগুলের কেওড়াছড়া এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
নিহতরা হলেন সুমাইয়া সিদ্দীকা তানিয়া (১৮) ও তার ৯ মাসের মেয়ে ইনাইয়া জান্নাত। তানিয়া নগরের শাহপরাণ থানার দাসপাড়া এলাকার সামীর আহমেদের স্ত্রী।
দুর্ঘটনায় আহত চারজন হলেন মো. শোয়েব আহমদ (১৭), মো. হুসাইন আহমদ (১৭), রহমত মিয়া (২৬) ও মোছা. তানিয়া (২৬)। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় ধোপাগুলের কেওড়াছড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা সাদাপাথর বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা তানিয়া ও তার শিশুকন্যা ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও চারজন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, আহত চারজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত মা ও মেয়ের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।




