মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিতে গিয়ে ইমরান খান আটক

ভারতের মুম্বাইয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। শনিবার (১০ অক্টোবর) দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভের প্রতি সংহতি জানাতে গিয়ে পুলিশের হাতে আটক হন তিনি। এ ঘটনায় অভিনেতাসহ কয়েকশ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয়। এর প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে সমাবেশের আয়োজন করা হয়েছিল। তবে অনুমতি না থাকায় পুলিশ সেখানে বিক্ষোভকারীদের জড়ো হতে বাধা দেয়।
শনিবার বিক্ষোভস্থলের আশপাশ থেকে অভিনেতা ইমরান খানসহ বেশ কয়েকজনকে আটক করা হয়। এ সময় বিক্ষোভকারীদের সরিয়ে নিতে পুলিশ অভিযান চালায়। মুম্বাইয়ের বিভিন্ন স্থানে আটক ব্যক্তিদের পুলিশি হেফাজতে নেওয়া হয়।
মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীও এ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। তবে সমাবেশস্থলে যাওয়ার পথে তাকেও আটক করে পুলিশ। ‘হাম ভারত কে লোগ’ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
পুলিশের দাবি, আগস্ট ক্রান্তি ময়দানে সমাবেশের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। এ কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম ব্যবস্থা হিসেবে বিক্ষোভকারীদের আটক করা হয়েছে।
অন্যদিকে, দিল্লিতে সিজেপির কর্মসূচিকে ঘিরেও ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেছে দলটি।
উল্লেখ্য, ইমরান খান বলিউডের পরিচিত অভিনেতা। মুম্বাইয়ে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে তার আটকের ঘটনা দেশটির রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।




