কুমিল্লায় সাঁড়াশি অভিযানে আটক ৩২৫ জন, নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্য

গ্রাফিকস: আগামীর সময়
কুমিল্লায় পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ মোট ৩২৫ জনকে আটক করা হয়েছে। গত ৪৮ ঘণ্টায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও বিভিন্ন থানা-পুলিশের সমন্বয়ে জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের অভিযোগ ও অপরাধে সম্পৃক্ততার বিষয়টি যাচাই-বাছাই করে ২৩০ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে অপরাধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ৯৫ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানিয়েছেন, অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে অযথা ভোগান্তিতে না পড়েন, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি ও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানালেন, কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।




