বারোমাসি শজনে চাষে ৫ লাখ টাকা আয়ের আশা আক্তারের

ছবি: আগামীর সময়
ধান, পাট ও গম চাষে আশানুরূপ লাভ হচ্ছিল না। তাই বিকল্প ফসলের সন্ধানে ছিলেন যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের কৃষক আক্তার হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বারোমাসি শজনে চাষের সম্ভাবনা দেখে এক বিঘা জমিতে ওডিসি-৩ জাতের শজনে চাষ শুরু করেন তিনি। এখন পর্যন্ত শজনে বিক্রি করে পেয়েছেন প্রায় ৪০ হাজার টাকা। তার আশা, বছরে এই জমি থেকে ৩ থেকে ৫ লাখ টাকা আয় করতে পারবেন।
২০২৩ সালের সেপ্টেম্বরে যশোর জেলা হর্টিকালচার সেন্টারের মাধ্যমে ভারতের তামিলনাড়ু কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত জাতটির ৩০০টি চারা সংগ্রহ করেন আক্তার। জমি তৈরি, চারা, সেচ ও শ্রমিকের মজুরি মিলিয়ে প্রাথমিক খরচ হয় ১৫ থেকে ২০ হাজার টাকা। কয়েক মাসের মধ্যেই গাছে ফল আসতে শুরু করে।
আক্তার হোসেন বলেছেন, ‘প্রাথমিক খরচ উঠে গেছে। গত ৯-১০ মাসে প্রায় ৪০ হাজার টাকার শজনে বিক্রি করেছি। আবার নতুন করে ফল ধরেছে। আশা করছি, এ মৌসুমে ৩ থেকে ৪ লাখ টাকা আয় হবে। ফলন ভালো হলে ৫ লাখ টাকাও হতে পারে।’
তার জমিতে গাছ জুড়ে থোকায় থোকায় ঝুলছে লম্বা, সবুজ শজনে। আক্তার হোসেনের দাবি, সুস্থ গাছগুলোয় বর্তমানে ৮ থেকে ১০ কেজি পর্যন্ত ফল ধরছে। দেশি শজনে সাধারণত নির্দিষ্ট মৌসুমে ফল দিলেও এ জাতের গাছে বছরের বিভিন্ন সময়ে ফুল ও ফল আসে। রোপণের পাঁচ থেকে সাত মাসের মধ্যে ফলন শুরু হয় এবং একটি গাছ থেকে পাঁচ-ছয় বছর ফল পাওয়া যেতে পারে।
আক্তারের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি কেজি শজনে ১০০-১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। চৌগাছা বাজারের সবজি বিক্রেতা জামাল হোসেন জানিয়েছেন, পাইকারি বাজারে একই দরে শজনে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে দাম উঠছে কেজিপ্রতি ১৮০ টাকা পর্যন্ত।
চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন বললেন, ওডিসি-৩ উচ্চ ফলনশীল ও খরাসহনশীল জাত। যশোরের আবহাওয়ায় এটি চাষের সম্ভাবনা রয়েছে। কৃষকদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তাও দেওয়া হচ্ছে।
যশোর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক দীপংকর দাস জানিয়েছেন, টিস্যু কালচার প্রযুক্তিতে এ জাতের চারা উৎপাদন করা হচ্ছে। গত বছর উৎপাদিত প্রায় সাত হাজার চারার মধ্যে ছয় হাজার কৃষকরা নিয়েছেন। এবার ১০ হাজার চারা উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।



