ব্যবসায়ী হত্যার আসামি গ্রেপ্তার না হওয়ায় গাজীপুরে সড়ক অবরোধ

কালিয়াকৈর
গাজীপুরের কালিয়াকৈরে ব্যবসায়ী মো. আজিবর রহমানকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হলেও প্রায় এক মাসেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আজ শুক্রবার সকালে উপজেলার ঠাকুরপাড়া এলাকায় মৌচাক-জামালপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ থাকে।
নিহত আজিবর রহমান কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকার মারফত আলীর ছেলে। এজাহার অনুযায়ী, হত্যায় জড়িতদের মধ্যে শরিফ ও তার দুই ছেলে সাগর হোসেন ও সুমন একই এলাকার বাসিন্দা।
বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা জানান, আজিবরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদেরও চিহ্নিত করা হয়েছে। এরপরও কাউকে গ্রেপ্তার করা হয়নি। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
নিহতের স্ত্রী নাসরিন আক্তার বললেন, তার স্বামীকে হত্যা করা হলেও কেন তাকে হত্যা করা হয়েছে, তা এখনো জানতে পারেননি। আসামিরা এলাকায় অবস্থান করছেন বলে শুনেছেন। এরপরও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই রাতে ফটিকমার্কেট এলাকা থেকে অটোরিকশায় করে নিজ বাড়ি ঠাকুরপাড়ায় ফিরছিলেন আজিবর। পথে চলন্ত অটোরিকশায় তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় শরিফ, তার দুই ছেলে সুমন ও সাগরসহ কয়েকজন ধারালো দেশীয় অস্ত্র ও লোহার পাইপ দিয়ে তাকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আজিবরকে উদ্ধার করে কেপিজে বিশেষায়িত হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ আগস্ট তার মৃত্যু হয়। এ ঘটনায় তার স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।






