‘নিষিদ্ধ আ. লীগের অগ্নিসন্ত্রাস প্রতিরোধে বিএনপি-জামায়াত-এনসিপি ঐক্যবদ্ধ’

ছবি: আগামীর সময়
নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও সহিংসতা সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করতে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ সবাই ঐক্যবদ্ধভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ।
আজ সোমবার বিকালে মুন্সিগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শেষে তিনি এ কথা বলেন।
আব্দুস সালাম আজাদ বলেন, যেভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সাধারণ মানুষ পাশে থেকে ফ্যাসিস্টদের বিতাড়িত করেছে, একইভাবে দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় জনগণ আবারও পাশে থাকবে বলে তারা আশাবাদী।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার অনুসারীরা, বিএনপি সরকারের আট মাস না পেরোতেই ষড়যন্ত্রমূলক সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। দেশকে নিরাপদ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করতেই তারা অগ্নিসন্ত্রাসের আশ্রয় নিচ্ছে।
বর্তমান সরকার প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, এই সরকার ২০১৪ বা ২০১৮ সালের মতো ভোটারবিহীন কিংবা মধ্যরাতের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে দেশের মানুষের কাছে তাদের জবাবদিহি রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক রাসেল, সদস্যসচিব জহিরুল ইসলাম দোলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ অভি, মহিলা দলের সভানেত্রী রোকেয়া বেগম, বৃষ্টি আক্তার, রাজন, জামাল খান, মহিদুল ইসলাম খান অস্টিন, নজরুল ইসলাম, আবুল হোসেন, নাহিদ তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



