খাগড়াছড়িতে পার্কিংয়ে থাকা বিআরটিসি বাসে আগুন

খাগড়াছড়িতে পার্কিংয়ে থাকা বিআরটিসি বাসে আগুন। ছবি: আগামীর সময়
খাগড়াছড়ি জেলা সদরের মহাজনপাড়ায় পার্কিংয়ে থাকা একটি বিআরটিসি বাস আগুনে পুড়ে গেছে। আজ শনিবার ভোর ৪টার দিকে বাস কাউন্টারের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা মো. ফরিদ জানিয়েছেন, ভোর ৪টার দিকে ফায়ার সার্ভিসের গাড়ি মহাজনপাড়ায় পৌঁছালে তারা বাসে আগুন লাগার বিষয়টি জানতে পারেন। ঘটনাস্থলে দুটি বাস পার্কিং করা ছিল। সামনের বাসটিতে আগুন জ্বলছিল। অন্য বাসটি এর প্রায় ১০ থেকে ১২ ফুট পেছনে ছিল। তবে পেছনের বাসটিতে আগুন ছড়ায়নি।
এদিকে, ঘটনার পর সকালে পুলিশ বাস কাউন্টারের পাশের একটি গেস্ট হাউসের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেছে। তবে ফুটেজ থেকে কোনো আলামত পাওয়া গেছে কি না, তা জানা যায়নি।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানিয়েছেন, খবর পেয়ে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানিয়েছেন, কেউ বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




