গণঅভ্যুত্থানের মামলায় সিলেটে ২৮৪ জনকে অব্যাহতির সুপারিশ

সংগৃহীত ছবি
সিলেটে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে হওয়া ৫৯টি মামলার তদন্ত শেষে ২৮৪ জনকে অব্যাহতির সুপারিশ করেছে সিলেট মহানগর পুলিশ ও সিলেট রেঞ্জ পুলিশ।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, সিলেট জেলা ও মহানগরের বিভিন্ন থানায় দায়ের মামলাগুলোর মধ্যে সিলেট মহানগর পুলিশের আওতাধীন ৩৯টি মামলায় ১৪৪ জনকে অব্যাহতির সুপারিশ করে আদালতে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এ ছাড়া সিলেট রেঞ্জের তিন জেলার ২০টি মামলায় আরও ১৪০ জনকে অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ।
ফৌজদারি বিচার ব্যবস্থাকে হয়রানিমুক্ত ও জনবান্ধব করতে সরকার সম্প্রতি ফৌজদারি কার্যবিধি (ক্রিমিনাল প্রসিডিউর কোড)-১৮৯৮ এ ১৭৩ (এ) ধারা সংযোজন করে। নতুন এ বিধান অনুযায়ী, কোনো ব্যক্তির নাম হয়রানিমূলকভাবে মামলার এফআইআরে অন্তর্ভুক্ত হলে তদন্ত কর্মকর্তা আদালতে অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারবেন। আদালত ওই প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট ব্যক্তিকে অব্যাহতি দেওয়ার সুযোগ পাবে।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) এএইচএম শাহাদাত হোসাইন জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানসংশ্লিষ্ট মামলাগুলোর তদন্তে ধারাবাহিক অগ্রগতি হচ্ছে। সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ, ডিজিটাল তথ্য বিশ্লেষণ এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে ফৌজদারি কার্যবিধির ১৭৩ (এ) ধারার কার্যকর প্রয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে নিরপরাধ ব্যক্তির হয়রানি বন্ধ হয় এবং তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করা যায়।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ব্যক্তিগত বিরোধ, প্রতিশোধপরায়ণতা কিংবা মিথ্যা মামলায় জড়ানোর উদ্দেশ্যে অনেকের নাম এসব মামলার এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তদন্তে প্রাথমিকভাবে সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।




