গাজীপুরে আনসারের তৎপরতায় চুরি হওয়া মোবাইল উদ্ধার

সংগৃহীত ছবি
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর শয্যা থেকে চুরি হওয়া ৩০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন উদ্ধার করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। এ ঘটনায় মো. মস্তু মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুর ২টার দিকে হাসপাতালের অষ্টম তলার সার্জারি ওয়ার্ডে ভর্তি রোগী মো. মোশাররফ হোসেনের শয্যা থেকে মোবাইল ফোনটি চুরি হয়। পরে তৃতীয় তলায় দায়িত্ব পালনরত আনসার সদস্য পিসি মো. গোলাম মোস্তফার কাছে অভিযোগ করেন তিনি।
অভিযোগ পেয়ে গোলাম মোস্তফা ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেন। পাশাপাশি শুরু করেন হাসপাতালের বিভিন্ন স্থানের ফুটেজ যাচাই করে অনুসন্ধান। একপর্যায়ে হাসপাতালের মর্গ এলাকায় মো. মস্তু মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় চুরি হওয়া মোবাইল ফোনটি।
উদ্ধার করা ফোনটি মো. মোশাররফ হোসেনের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। তার বাড়ি গাজীপুরের কাশিমপুর থানার কোনাবাড়ী এলাকার আমবাগ গ্রামে। আটক ব্যক্তিকে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে।




