জামালপুরে ইয়াবাসহ আটক তিন মাদক কারবারি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার মধ্যরাতে উপজেলার নিলাখিয়া ইউনিয়নের সলইমন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় তাদের। আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার জানকিপুর সলইমন্ডলপাড়া গ্রামের আবদুল বারেকের ছেলে মো. আরিফ হোসেন (৩০), তার স্ত্রী রহিমা বেগম (২৫) এবং কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা আবদুল মান্নান (৪২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আবদুল বারেকের বাড়িতে চালানো হয় মাদকবিরোধী অভিযান। এ সময় আটক করা হয় তিনজনকে। তাদের কাছ থেকে জব্দ করা হয় ১ হাজার পিস ইয়াবা।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন উল্লেখ করেন, মাদকবিরোধী অভিযানে আটক করা হয়েছে তাদের। আজ দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে মাদক কারবারিদের।






