শেরপুর সীমান্তে ৬ ভারতীয় আটক

সংগৃহীত ছবি
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে তিন শিশু, দুই নারী ও একজন পুরুষ রয়েছেন।
শুক্রবার উপজেলার পানিহাতা মিশনমোড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ-৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজিদ।
আটক ব্যক্তিরা হলেন আবিদ মুক্তি (২৬), আনোয়ারা (২০), নুরজাহান খাতুন এবং তিন শিশু। তারা ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি থানার মনুহারপুর মল্লিকপাড়া এলাকার বাসিন্দা।
শুক্রবার রাত সাড়ে ৯টায় বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের কথা স্বীকার করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টার দায়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজিদ জানিয়েছেন, আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




