তেঁতুলিয়ায় শীতের আগমনী বার্তা, কুয়াশায় ঢাকা ভোর

কুয়াশায় ঢেকে গেছে তেঁতুলিয়ার বিভিন্ন এলাকা। ছবি: আগামীর সময়
হিমালয়ের পাদদেশে দেশের উত্তরের সীমান্তঘেঁষা জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেপ্টেম্বরের শেষেই দেখা দিয়েছে শীতের আগমনী বার্তা। ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে বিভিন্ন এলাকা। বইছে হালকা হিমেল বাতাস। কুয়াশার কারণে কয়েক গজ দূরের পথও স্পষ্ট দেখা যাচ্ছে না। এতে সকালের দিকে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করতে দেখা গেছে।
আজ বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। তবে ক্যালেন্ডারের হিসাবে শীত আসতে এখনো বেশ কিছুটা সময় বাকি।
স্থানীয় বাসিন্দা নুরে আলম সিদ্দিকী জানিয়েছেন, ভোরে ঘন কুয়াশার কারণে কয়েক গজ দূরের পথও স্পষ্ট দেখা যাচ্ছিল না। হিমেল বাতাসের কারণে অনেকেই হালকা গরম কাপড় গায়ে জড়িয়ে ঘর থেকে বের হয়েছেন।
স্থানীয় কৃষকরা জানালেন, ভোরের কুয়াশা ও আবছা আলোর কারণে মঙ্গলবার মাঠে কাজ শুরু করতে কিছুটা দেরি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো দেখা দিলে কুয়াশা কেটে যায় এবং স্বাভাবিক পরিবেশ ফিরে আসে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানিয়েছেন, আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দিনের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকলেও ভোরের ঘন কুয়াশা ও হিমেল বাতাসে শীতের আবহ অনুভূত হচ্ছে। মৌসুমি আবহাওয়ার পরিবর্তনের কারণে সম্প্রতি পঞ্চগড় অঞ্চলে ভোরে এমন কুয়াশা দেখা যাচ্ছে।




