আদমদীঘিতে পুকুরে ভাসছিল অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ
আদমদিঘি (বগুড়া) প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
বগুড়ার আদমদীঘিতে একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রাম থেকে উদ্ধার করা হয় মরদেহটি।
স্থানীয়রা জানান, গ্রামের আনিকুল সরকারের বাড়ির পাশে সষ্টীতলা নামের পুকুরে দুপুর ২টার দিকে মরদেহটি দেখতে পান তারা।
আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার শরীরে কোনো আঘাতের চিহৃ পাওয়া যায়নি।
ওসি কামরুজ্জামানের ভাষ্য, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।







